খুলনা অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ২০:১৭ পিএম
খুলনার কয়রার স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং কর্মচারীদের চাকরিচ্যুতির প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় তারা চাকরিতে পুনর্বহালের পাশাপাশি ১৩ মাসের বকেয়া বেতন পরিশোধে দাবি জানান।
সোমবার (৪ আগস্ট) সকালে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা হাসপাতালের সামনে এই মানববন্ধন করেন।
মানববন্ধন শেষ তারা অবস্থান কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এই হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে ৩০ জন কাজ করছি। গত ১৩ মাস আমাদের কোনো বেতন দেওয়া হয় না। আমরা পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে দিন পার করছি। এরমধ্যে হঠাৎ করে গত ২৯ জুলাই খুলনার সিভিল সার্জনের সই করা একটি চিঠি দিয়ে আমাদের চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। এদিকে আমরা ১৩ মাসের বেতন পাব। আমাদের বেতন-ভাতা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সিভিল সার্জনের পত্রের আলোকে হাসপাতাল থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে।
তারা বকেয়া বেতন-ভাতা ও চাকরিতে পুনর্বহালের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন। মানববন্ধনে বক্তৃতা করেনÑ আউটসোর্সিং কর্মী মাহবুবুর রহমান, মাসুদুর রহমান, আলিমুজ্জামান টুটুল, আব্দুল কাদের, আশিকুজ্জামান, আব্দুল রউফ, আহমেদ মুর্তেজা, আয়েশা খাতুন, খাদিজা খাতুন প্রমুখ।