রংপুর অফিস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৮:০৬ পিএম
রংপুর রেলস্টেশন
জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতিতে ঢাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে রংপুরের জন্য ট্রেন বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় রংপুর রেলস্টেশন হতে যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি।
রংপুর রেলওয়ে সূত্রে জানা যায়, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। পরে ৩০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৮ জোড়া ট্রেন বরাদ্দ দেয়া হয়।
রংপুর রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, এই স্পেশাল ট্রেনের যাত্রীরা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে যেন তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন সেজন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ট্রেনের মধ্যে এসি কেবিন, নন এসি কেবিনসহ ৬৩৮ জনের সিট রয়েছে। একই ট্রেনটি ঢাকা থেকে ৫ আগস্ট রাত ৮টার দিকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবে।