× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকের কর্মবিরতি প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৭:৫২ পিএম

সুনামগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকের কর্মবিরতি প্রত্যাহার

তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে দেওয়া অনির্দিষ্টকালের বাস মালিক ও শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এতে আশ্বাস দেওয়া হয়, তিন দফা দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সুবিপ্রবি’র প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. সরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সুবিপ্রবি’র সহকারী প্রক্টর মোহাই মিনুল ইসলাম, মো. নূর আমিন বিটু, মো. নূরে আলম মুন্না, মো. মারুফ চান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবিরসহ মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সুবিপ্রবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শুরুতেই সুবিপ্রবি’র প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ রবিবারে ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, সুনামগঞ্জ-সিলেট লোকাল বাসের স্টাফ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে রবিবার (৩ আগস্ট) অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যা কোনো মতেই কাম্য নয়। এই ঘটনার সরেজমিন তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

উল্লিখিত কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ, সদস্য সচিব সহকারী প্রক্টর মোহাই মিনুল ইসলাম এবং দুইজন সদস্য সহকারী প্রক্টর মো. মারুফ চান ও সহকারী প্রক্টর মো. নূর আমিন বিটু উপস্থিত ছিলেন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সবাইকে আন্তরিকতা বাড়ানোর তাগিদ দেন।

প্রসঙ্গত, গতকাল রবিবার ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের ঝগড়ার ঘটনায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাস মালিক ও শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচি দেওয়া হয়। এতে আন্তঃজেলা বাসসহ সকল প্রকার বাস চলাচল বন্ধ হয়ে যায়। কর্মবিরতির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি প্রয়োজনে গমনকারী যাত্রীরা আটকা পড়েন। সোমবার সকাল থেকে সুনামগঞ্জ বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় কর্মবিরতি পালনকারী শ্রমিকরা পিকেটিং করায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে সিএনজি মোটরসাইকেল চললেও বেশিরভাগ শ্রমিক কর্মবিরতি পালনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। রবিবার জেলার শান্তিগঞ্জ সুবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ থেকে কিছু শিক্ষার্থী যাওয়ার সময় ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি গাড়ি ভাঙচুর করেছে। শ্রমিকদের মারধর করে ক্যাম্পাসে আটকে রাখে (শিক্ষার্থীরা) বলে অভিযোগ জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এই ঘটনার বিচারের দাবিতে রবিবার বিকাল ৩টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশ প্রশাসনের সাথে তাদের বৈঠকের পর অবরোধ তুলে নেয়া হলেও, কর্মবিরতি চালিয়ে যান মালিক-শ্রমিকরা। যা   সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যৌথ সভায় প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা