× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধাইড় ইউপি অফিস

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে জনসেবা কার্যক্রম

সাইদ সাজু, তানোর (রাজশাহী)

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৭:১৮ পিএম

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে জনসেবা কার্যক্রম

রাজশাহীর তানোর উপজেলার ৯টি স্থানীয় সরকার পরিষদের ৮টির পর্যায়ক্রম চালানোর জন্য নির্মাণ করা হয়েছে নতুন ভবন। তবে নতুন ভবন করা হয়নি বাধাইড় ইউপিতে। ফলে, মুন্ডমালা হাটের সেই পুরনো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউপি কার্যক্রম। ভবন না হওয়ায় স্থানীয়রা রহস্যের গন্ধ পাচ্ছেন।

উপজেলার ২ নম্বর বাধাইড় ইউনিয়ন ও ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নের অংশ নিয়ে ২০০২ সালে মুন্ডমালা পৌরসভা গঠিত হয়। মুন্ডমালার গরুর হাট চত্বরে বাধাইড় ইউপি ভবন ও পাঁচন্দর কাউন্সিল মোড়ের উত্তরে পাঁচন্দর ইউপি ভবন মুন্ডমালা পৌরসভা এলাকার মধ্যে পড়ে যায়। ২০১৯ সালে পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর মোড়ের পূর্বদিকে উপজেলার মুন্ডমালা সড়কের ধারে নির্মাণ করা নতুন ভবনে চলছে কার্যক্রম। কিন্তু দীর্ঘদিনেও বাধাইড় ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়নি।

চলতি বছরের মার্চের শেষের দিকে এলজিইডি ঢাকার একটি টিম উচাডাঙ্গায় বাধাইড় ইউপির নতুন ভবন নির্মাণের জন্য মাটি সংগ্রহ করে নিয়ে গেছেন বলে জানান বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। তিনি বলেন, মাটি পরীক্ষা-নিরীক্ষার পর নতুন ভবন নির্মাণের প্রস্তুতি নেবে কর্তৃপক্ষ। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত এখানেই সেবা দিতে হবে। 

তিনি আরও বলেন, ১৯৮৪ সালে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই পুরনো ভবনেই চলছে সেবা কার্যক্রম। 

সরেজিমন গিয়ে দেখা গেছে, ভবনের আশপাশে পচা কাদা ও পানি জমে থাকার পাশাপাশি ভবনের পশ্চিমে ১০০ গজ দূরেই রয়েছে ময়লার ভাগাড়। সোমবার হাটবারে পরিষদ চত্বরের চারদিকেই বসে গরুর হাটের বেচাকেনা। পুরনো সেই ভবনের বিভিন্ন স্থানের দেয়াল হেলে পড়েছে। ভবনের অবস্থা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমন দুরাবস্থার মধ্যেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা এবং গ্রাম পুলিশ সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।

বাধাইড় ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাক আহমেদ বলেন, আমরা এখনে আতঙ্কের মধ্যে কাজ করছি। এই ভবনের প্রতিটি রুমেই বড় বড় ফাটল দেখা যাচ্ছে। জানি না কখন ছাদ ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটে।

অফিস সহকারী সাগর হোসেন বলেন, বাধাইড় ইউনিয়ন পরিষদ ভবনের দিক থেকে বৈষম্যের শিকার হয়েছে। সবগুলো ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় নতুন ভবন নির্মাণ হয়েছে। শুধু বাধাইড় ইউনিয়ন পরিষদে নির্মাণ হয়নি নতুন ভবন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে নতুন ভবন নির্মাণের দাবি জানান। বাধাইড় ইউনিয়নের বাসিন্দা দয়াল ডাক্তার নামের এক বয়স্ক ব্যক্তি বলেন, আমরা দরখাস্ত বা সনদ নিতে এলে ছাদ দেখে ভয় লাগে। সব দিকে নতুন নতুন ভবন হচ্ছে। কিন্তু আমাদের ইউপি ভবনের এই ভয়াবহ অবস্থা কবে দূর হবে? একই কথা বলেন কলেজছাত্রী ভুমী, আরেক ছাত্র উৎপল বলেন, নাগরিক সুবিধা নিতে এসে অনেক সময় ভাবি, মাথার ওপর কিছু ভেঙে পড়লেই তো শেষ। আমরা চাই আমাদের ইউনিয়নের অফিসটাও আধুনিকভাবে তৈরি করা হোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা