মোংলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে বাগেরহাটের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আজ সোমবার (৪ আগষ্ট) দুপুরে তাদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬ এ পাঠালে আদালত তাদেরককে জেলহাজতে প্রেরণ করেন।
আটক জেলেরা হলেন-বিশ্বনাথ দাশ, অনিবেশ দাশ, গোবিন্দ দাশ, মোহন কৃষ্ণ, আশন্ত দে, মানিক জানা, রাম দুলাল দাশ, শংকর দাশ, রাজিব দাশ, লিটন দাশ, অভিরাম দাশ, বাদল রাজপুত্র, স্বদেশ চন্দ্র দাশ ও নকুল দাশ।
এদের সবার বাড়ী ভারতের চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
তিনি বলেন, গত শনিবার (২ আগষ্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ,বি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।
পরে রবিবার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ আরও ৩৪ জেলেকে একই ঘটনায় আটক করে নৌবাহিনী।