ট্রেনে যান্ত্রিক ত্রুটি
মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৩:৫০ পিএম
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের বগির লিংক লাইনে ত্রুটির কারণে পিছনের তিনটি বগিতে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শ্রীমঙ্গল স্টেশনে ২ ঘন্টা ১০ মিনিট আটকে ছিল ট্রেনটি। এতে ট্রেনের হাজারো যাত্রীর দুর্ভোগ চরমে পৌছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রবিবার (৩ আগস্ট) বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ৭১০ নম্বর পারাবত এক্সপ্রেস ট্রেনটির চলন্ত অবস্থায় লিংক লাইনে ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌছার পর ট্রেনের বগি স্থানান্তর ও প্রয়োজনীয় মেরামতের পর রাত ৮টা ৫৩ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এদিকে দীর্ঘ সময় ধরে ট্রেনের ভেতরে অপেক্ষা করতে গিয়ে সেবার মান নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ট্রেনের ভেতরে মালপত্র নিয়ে বিদ্যুতহীন অবস্থায় প্রচন্ড গরম ও অন্ধকারে অনেকের বসে থাকতে হয়েছে।
ট্রেনের যাত্রী বাবলু রায় বলেন, ৬টার আগেই স্টেশনে এসে বসে ছিলাম। ট্রেন আসতে অনেকটা দেরি করেছে। আসার পর থেকেই দুই ঘন্টার বেশি সময় থেমে ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, কোচে সমস্যা থাকায় ট্রেনটি সঠিক সময়ে ছাড়তে পারেনি। মেরামতের কাজ শেষ হবার পর প্রায় দুই ঘন্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।