সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২১:১৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ২১:৩২ পিএম
ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩ আগস্ট) সকালে শান্তিগঞ্জ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটেছে।
বিষয়টি জানাজানি হলে বেলা ৩টা থেকে শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক-শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। বৃষ্টিতে ভিজে অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যানজট এলাকা পার হতে দেখা গেছে। বিকাল সাড়ে ৪টায় শ্রমিকরা প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করলেও ‘কর্মবিরতি’ চালানোর ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড থেকে সকালে একটি বাস শান্তিগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পসে উদ্দেশে ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেকে নামার সময় শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেলপারের কথা কাটাকাটি হয়। এ সময় বাসের হেলপার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাস শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে বেলা ৩টা থেকে শহরের নতুন বাসস্ট্যান্ডের সামনের সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
এ কারণে শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো যাত্রী। শত শত যানবাহন আটকা পড়েছে।
সুবিপ্রবির রসায়ন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী জয় ও আরিফসহ কয়েকজন শিক্ষার্থী সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ যাওয়ার সময় অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই হেলপার একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। আব্দুর রহমান জানান, বাসে থাকা শিক্ষার্থীরা দাবি করেছেন, ঝগড়ায় জড়ানো বাসের হেলপার মাদকাসক্ত ছিলেন।’
সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এর আগেও ঝগড়া-বিবাদ করেছেন। আজ (রবিবার) সকালে তারা একজন শ্রমিককে মারধর করেছে। ক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে।’
বিকাল সাড়ে ৪টার সদর থানার ওসি আবুল কালাম জানান, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’