নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২০:১২ পিএম
বরিশালে নিরাপদ পানির নিশ্চয়তায় দেড় যুগ ধরে অকেজো দুটি পানি শোধনাগার চালুর দাবি উঠেছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর বিডিএস ক্লাবে মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে এই সভা।
বক্তারা, ভূমির উপরিভাগে থাকা পানি ব্যবহারের আহ্বান জানান। বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তৃতা দেন, বরিশাল সদর উপজেলার সাবেক শিক্ষা অফিসার ফয়সল জামিল, বরিশাল পরিবেশ এবং উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ গাজী জাহিদুল ইসলাম, বরিশাল কলেজ শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান, ক্যাব বরিশালের সম্পাদক রনজিৎ দত্ত, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, আরোহীর সমন্বয়কারী মিজানুর রহমান, ম্যাপ সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষিণাঞ্চল নদীভাঙনপ্রবণ হওয়ায় অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়ে নগরমুখী হচ্ছে। সব মিলিয়ে এই নগরীর বাসিন্দাদের প্রতিদিন ৫ লাখ গ্যালন পানি প্রয়োজন হয়। এই পানির মুখ্যভাগই আমরা গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে উত্তোলন করে থাকি। এই ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এই অঞ্চলের ভূমি ২ সেন্টিমিটার নিচে নেমে গেছে। ফলে বরিশালে ভূমিকম্প হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই ভূগর্ভস্থ পানির ব্যবহারের ওপর চাপ কমাতে হবে। সভায় বলা হয়, ৬৮ কোটি টাকায় নির্মিত দুটি পানি শোধনাগার অকেজো হয়ে আছে। নির্মাণের দেড় যুগ পরও বিভিন্ন জটিলতা ও অনৈতিক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হচ্ছে না। এই সংকট দূর করতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারের হস্তক্ষেপ কামনা করা হয়।