নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৯:২৫ পিএম
‘দেশের অনেক শিল্প মালিক আছেন যারা শ্রমিকদের দেখাশোনা না করে নিজেদের দেখাশোনা করেছে। আমাদের শ্রমিকরা তাদের যথাযথ পাওনা বুঝে না পেলে আমরা যে শিল্প বিপ্লবের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন করা সম্ভব নয়। বাংলাদেশ শ্রমআইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’
রবিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সাখাওয়াত হোসেন বলেন, অতীতে যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের ব্যাক্তিস্বার্থ ছিল। যারা মন্ত্রী হয়েছেন তাদের নিজেদের কারখানায় শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়নি। অতীতের এসব বিষয়ের জন্য আমাদের কিছুটা চাপের মধ্যে পড়তে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা নানা দিক থেকে চাপ দিচ্ছে।
রপ্তানি শিল্প সীমিত উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনও রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে পারিনি। আমাদের রপ্তানিমুখী শিল্প এখনো খুব সীমিত। আমাদের রপ্তানিমুখী শিল্পই হচ্ছে গার্মেন্টস। গার্মেন্টস কারখানার জন্যই আমাদের রপ্তানী শিল্প টিকে আছে। জাহাজ নির্মাণ শিল্প আমাদের সম্ভাবনাময় রপ্তানী শিল্প। তবে, আমরা সেখানে খুব বেশি অগ্রগতি করতে পারিনি।
এর আগে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর জেলার ২৪ জন শ্রমিক ও পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পুলিশ সুপার আমজাদ হোসাইন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনসহ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।