কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৭:০২ পিএম
ফাইল ছবি
কুলাউড়ায় ভারতীয় সীমান্ত এলাকায় ছবি তুলতে গেলে বাংলাদেশি দুই কিশোরকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২ আগস্ট) পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তে এ ঘটনা ঘটে। আটক দুই কিশোর আন্তর্জাতিক সীমানারেখা অতিক্রম করে ভারতে গিয়ে মুঠোফোনে ছবি তোলার সময় ত্রিপুরা রাজ্যের বিএসএফ টহল দল তাদের আটক করে।
পরে খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দুজনকে ফেরত চাইলে বিজিবির কাছে আটক দুই কিশোরকে হস্তান্তর করে বিএসএফ।
আটক দুই কিশোর উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বলেন, দুই কিশোর শনিবার বিকালের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দলের নজরে পড়লে দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।