× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, প্রাণ ফিরেছে ফিশারি ঘাটে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৬:৪৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরে পেয়েছে কাপ্তাই হ্রদ ও ঘাট। শনিবার (২ আগস্ট) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে মাছ আহরণ শুরু হয়েছে হ্রদে। আর এর মধ্য দিয়েই নতুন করে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে কাপ্তাই ফিশারি ঘাট।

রবিবার (৩ আগস্ট) সকালে কাপ্তাই ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, লেক থেকে আহরণ করা মাছ ঘাটে পৌঁছাচ্ছে। দরদাম শেষে এসব মাছ প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।

দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন জেলেরা। মধ্যরাত থেকেই মাছ আহরণের কারণে ঘাটে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। জমে উঠেছে মাছের কেনাবেচা। ঘাটে এখন ড্রাম, বরফ ভাঙার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা।

তবে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের ভাষ্য, প্রথম দিনে তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়েছে। মূলত ছোট মাছই বেশি পাওয়া যাচ্ছে। সাধারণত কাপ্তাই হ্রদে ছিপিলা, কাচকি, চিংড়ি, শিং, রুইসহ বিভিন্ন ছোট-বড় মাছ ও কার্প জাতীয় মাছ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে মাছের পরিমাণ বাড়বে এবং জেলে ও ব্যবসায়ীরা লাভবান হবেন।

কাপ্তাই বিএফডিসির ক্ষেত্র সহকারী মো. রাশেদ বলেন, শনিবার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হয়েছে। দীর্ঘ সময় বেকার থাকার পর আবার কাজে ফিরতে পেরে জেলেরা খুবই খুশি। হ্রদে এখন পানি ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর মাছের উৎপাদন ভালো হবে বলে আমরা আশা করছি। তবে প্রথম দিনে মাছের পরিমাণ কিছুটা কম ছিল। আশা করছি, দিন শেষে পরিস্থিতি ভালো হবে।

জানা গেছে, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রস্তুতির জন্য অতিরিক্ত দুই দিন সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭ হাজার জেলে। এ বছর হ্রদ থেকে প্রায় ৮ হাজার ৫০০ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে, যার বিপরীতে বিএফডিসি প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা