× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোর চিনিকলে ডাকাতি, ৯০ লাখ টাকার মালামাল লুট

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৫:৪৪ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ১৫:৪৭ পিএম

 প্রবা ফটো

প্রবা ফটো

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চিনিকলের ভেতরে বিয়ারিং, মিল হাউজ, ওয়ার্কসপ হাউজসহ বিভিন্ন রুম থেকে প্রায় ৯০ লাখ চার হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় পুলিশ মিলের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলের কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদনটি জমা দিতে বলা হয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান।

মিল কর্তৃপক্ষ জানায়, রবিবার ভোরে একদল ডাকাত চিনিকলে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে মিলের ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে থাকা কারখানার বিয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ, শ্যাফট, পাম্পের ইনার প্লেট, ফিটিং বুশ, সিরাপ পাইপ, স্টার ও রোটর ব্রাশ এবং তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ছাড়া ইলেক্ট্রিশিয়ানের আলমারি ভাঙচুর ও লুটপাট করা হয়।

সব মিলিয়ে মিলের প্রায় ৯০ লাখ ৪ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলম বলেন, এ ঘটনায় আমাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেন, গত রাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে অস্ত্রেরে মুখে জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সময় কারখানার ভেতরে থাকা আসবাপত্র ও আলমারিসহ বিভিন্ন মালামাল তছনছ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। মিলের অভ্যন্তরীণ লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত দুটি বিষয়ের ওপর তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মিলের কয়েকজন নিরাপত্তা কর্মীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা