বগুড়া
বগুড়া অফিস
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১২:৪৭ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ১২:৫৬ পিএম
আল আমিন। প্রবা ফটো
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া এবং চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত ব্যবসায়ী আল আমিনের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।
স্বজনরা জানান, প্রতিবেশী নূরুল ইসলাম, আবু হোসেন ও ফজলুল হক দেড় বছর ধরে আল আমিনের এক একর কৃষিজমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এর মধ্যে দুই দফা হামলার শিকার হয়ে দুবারই থানায় মামলা করেন আল আমিন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা সম্প্রতি তার কাছে মামলা তুলে নেওয়ার পাশাপাশি দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় আল আমিনের ওপর হামলা চালানো হয়। হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় আল আমিন ও তার বাবা আফসার আলীকে। এ সময় তার কাছ থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় ৩০ জুলাই শাজাহানপুর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে আল আমিনের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।