× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপার পদে নিয়োগ চূড়ান্তে আবারও ‘পাতানো’ নির্বাচনের আয়োজন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৭:৩৩ পিএম

সুপার পদে নিয়োগ চূড়ান্তে আবারও ‘পাতানো’ নির্বাচনের আয়োজন

লক্ষ্মীপুরের কমলনগরে সুপার পদে নিজের নিয়োগ চূড়ান্ত করতে আবারও পাতানো নির্বাচনের আয়োজনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে। উপজেলার চরশামসুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আহসান উল্যাহ সুপার পদে নিয়োগ পেতে পছন্দের ব্যক্তিদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠন লক্ষ্যে এ অনিয়মের আশ্রয় নেন। এ ঘটনায় মাদ্রাসার ২৯ জন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে প্রশাসন এ নির্বাচন স্থগিত করে।

এর আগে ২০২২ সালে একইভাবে ওই ভারপ্রাপ্ত সুপার পাতানো নির্বাচন আয়োজনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করলে মাদ্রাসা শিক্ষা বোর্ড তা বাতিল ঘোষণা করে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চর শামসুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি (এমএমসি) গঠনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলামকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। সে অনুযায়ী প্রিজাইডিং কর্মকর্তা ১৭ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিলে ২১ থেকে ২৩ জুলাই মনোনয়নপত্র গ্রহণ ও জমা, ২৪ জুলাই যাচাই-বাছাই এবং ৯ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বের যাবতীয় কার্যক্রম অনুসরণ করা হয়নি। ভারপ্রাপ্ত সুপার আহসান উল্যাহ সুপার পদে চূড়ান্ত নিয়োগলাভের জন্য পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের জন্য গোপনীয়তাসহ ব্যাপক অনিয়মের মাধ্যমে এটি করেছেন। নোটিশ বোর্ডে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করে এবং শ্রেণিকক্ষে প্রচার না করে অত্যন্ত গোপনীয়ভাবে তিনি একটি পাতানো নির্বাচনের পথে হাঁটেন। এসব কারণে অনেক অভিভাবক নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

অভিযোগকারী অভিভাবক রুহুল আমিন, আমির হোসেন, ওমর ফারুক, মো. জয়নাল ও মো. ইসমাইলসহ আরও অনেকে জানান, ভিন্ন মাধ্যমে নির্বাচনের আয়োজনের খবর পেয়ে ২১ জুলাই তারা মাদ্রাসায় গিয়ে ভোটার তালিকা দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে পারেননি। এমনকী এ বিষয়ে ভারপ্রাপ্ত সুপারকে বারবার জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এতে তারা বুঝতে পারেন ভারপ্রাপ্ত সুপার নিজের নিয়োগ চূড়ান্তের লক্ষে পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করতে আবারও একটি পাতানো নির্বাচনের আয়োজন করেছেন।

তাদের অভিযোগ, ২০২১ সালে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে থাকা সহ-সুপার মাওলানা শেখ ফরিদ চাকরি ছেড়ে অন্যত্র চলে গেলে সিনিয়র শিক্ষক মো. আহসান উল্যাহ ভারপ্রাপ্ত সুপারের দিয়ত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তিনি দুর্নীতির ‘আখড়ায়’ পরিণত করেন। এ লোভে পড়ে সুপারের শূন্য পদে নিজের নিয়োগ চূড়ান্ত করতে ২০২২ সালেও একইভাবে ম্যানেজিং কমিটির একটি পাতানো নির্বাচন করে পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেন। ওই কমিটির মাধ্যমে তিনি সহ-সুপার পদে নিয়োগ পান। অনিয়মের প্রমাণ পেয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড একই বছরের ২৮ নভেম্বর ওই কমিটি বাতিল করে দেয়। স্থানীয়দের দেওয়া অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।

তারা বলেন, নিজের স্বার্থের জন্য আহসান উল্যাহ বারবার ঐতিহ্যবাহী এ মাদ্রাসার সুনাম নষ্ট করছেন। তাই কর্তৃপক্ষ এবার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সুপার মো. আহসান উল্যাহ জানান, অভিভাবকদের ওইসব দাবি সঠিক নয়। যথাযথ নিয়মে নির্বাচনী কার্যক্রম চলছিল। অভিভাবকদের একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব বলছেন। তবে, ২০২২ সালে পাতানো নির্বাচনের কমিটি বোর্ড কর্তৃক বাতিলের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, তিনি রায়পুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে থাকায় সপ্তাহে দুই দিন কমলনগর উপজেলায় অফিস করেন। চরশামসুদ্দিন জাহেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। কিন্তু এসব নিয়ে অভিযোগ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই নির্বাচন স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, অভিভাবকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচন স্থগিত করা হয়েছে। তাদের দেওয়া অভিযোগগুলো তদন্ত চলছে; সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা