রাজশাহী অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৪:৫৬ পিএম
ফাইল ফটো
রাজশাহীর চারঘাট উপজেলার ৭৩টির বিপরীতে ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সাতটি স্কুলে প্রধান শিক্ষক পদ নিয়ে রয়েছে জটিলতা, মামলা। এতে চরম অব্যবস্থাপনায় চলছে বিদ্যালয়গুলো। শিক্ষার পরিবেশ হচ্ছে বিনষ্ট।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, অনুমোদিত ৭৩টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ২৬ জন। এর মধ্যে ৭টি প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা চলমান।
উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। বিপরীতে শিক্ষক কর্মরত প্রায় ৪৫৩ জন। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক না থাকায় একই সঙ্গে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক কাজ সামলাতে অনেক বেগ পেতে হয়। প্রধান শিক্ষক না থাকায় এমনিতেই একজন শিক্ষক কম। এরপর প্রশাসনিক কাজে উপজেলা শিক্ষা অফিসে প্রায়শই যেতে হয় অন্য শিক্ষকদের। এক্ষেত্রে প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এমন শিক্ষকরা ১ হাজার ৫০০ টাকা ভাতা পেলেও বাড়তি দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের জন্য সরকারি অর্থনৈতিক সুবিধা নেই।
একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষকের পদ খালি থাকায় বিদ্যালয়গুলো অভিভাবকহীন হয়ে পড়েছে। ভারপ্রাপ্ত শিক্ষকরা অনেক সময় সঠিক ও দ্রুত কোনো সিদ্ধান্তও নিতে পারেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, বেশ কয়েক মাস ধরেই প্রায় ৪০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।