খুলনা অফিস
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৪:৪০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১৪:৪৩ পিএম
প্রতীকী ছবি
খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় ঘরে ঢুকে মনোয়ার হোসেন টগর (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টগর ওই এলাকার জামাল হাওলাদারের ছেলে এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম হত্যার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তারা গ্রেপ্তার হবে।
নিহতের বাবা জামাল হাওলাদার বলেন, তিন যুবক বাসায় এসে টগরের পরিচিত বললে আমি গেইট খুলে দিয়ে টগরের স্ত্রীকে ডাকতে যাই। হঠাৎ চিৎকার শুনে ফিরে এসে দেখি, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
নিহতের স্ত্রী বলেন, আমাদের বাসা একটু গলির ভিতরে। আমি দোকানে গিয়েছিলাম। হঠাৎ দেখি তিন-চারটি মটরসাইকেল গলির ভিতর থেকে চোর চোর বলে চলে যাচ্ছে। পরে ঘরের ভিতর যাওয়ার পর আমার শ্বশুর জানায় টগরকে কারা যেন মেরে ফেলে চলে গেছে। পরে পুলিশ এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসে।