চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২১:১২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫ ২১:১৭ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেসের যাত্রা আবারও বাতিল করা হয়েছে। এতে চট্টগ্রাম রেলস্টেশনে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেস বেলা ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকেল পাঁচটার পর। এরপর এই ট্রেন প্রবাল এক্সপ্রেস হয়ে কক্সবাজারে যায়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
হঠাৎ যাত্রা বাতিলের কারণে চট্টগ্রাম রেলস্টেশনে দায়িত্বে থাকা কর্মীরা যাত্রীদের তোপের মুখে পড়েন। অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রেলওয়ের একমাত্র কাজ যাত্রীসেবা। কিন্তু বারবার এভাবে যাত্রা বাতিল করে যাত্রীদের হয়রানি করা হচ্ছে। এর আগের দিনও ৮২২/৮২৩ প্রবাল এক্সপ্রেস চলেনি। তার আগের দিন বাতিল ছিল ৮২৪ সৈকত এক্সপ্রেস। কিছুদিন আগে ট্রেন বিলম্বের ঘটনায় যাত্রীদের সঙ্গে ট্রেন চালকদের হাতাহাতির ঘটনাও ঘটেছিল।
যাত্রীরা অভিযোগ করেন, এসি রুমে বসে যারা সিদ্ধান্ত নেন, তারা মাঠের বাস্তবতা বোঝেন না। আগে নিজের সক্ষমতা বুঝে তারপর ট্রেন চালানো উচিত। প্রয়োজনে কম সেবা দিন, কিন্তু সেটা যেন নির্ভরযোগ্য হয়। চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।