মানিকগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৯:২৯ পিএম
সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে নয়টায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’এর উদ্বোধন করেন মেয়ে আফরোজা খান রিতা ও ডা. জুলফিকার আহমেদ আমিন। দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।
আফরোজা খান রিতা জানান, বাবার মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তাঁর স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ অব্যাহত রাখছি।
গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপ-পরিচালক ডা. মো. জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জহিরুল ইসলাম।