দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৮:০১ পিএম
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তঘেঁষা লেংগুড়া এলাকা ইতিহাস, প্রকৃতি ও পর্যটনে সমৃদ্ধ হলেও জরাজীর্ণ সড়কের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা।
ভারতের মেঘালয় থেকে নেমে আসা গণেশ্বরী নদী ও সাত শহীদ মাজার-সংলগ্ন ‘মমিনের টিলা’ ঘিরে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে পর্যটক ছুটে আসেন। তবে লেংগুড়া থেকে ফুলবাড়ী বাজার হয়ে সাত শহীদ মাজার পর্যন্ত সড়কটির বেহাল দশার কারণে ভ্রমণপিপাসুরা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি স্থানীয়দের জীবনও হয়ে উঠেছে দুর্বিষহ।
সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার পানিতে গর্তগুলো পরিণত হয়েছে ছোট ছোট জলাশয়ে। ফলে যানবাহন হেলেদুলে চলতে বাধ্য হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের করুণ অবস্থার কারণে দিন দিন পর্যটক কমে যাচ্ছে। শিক্ষার্থী, রোগী ও স্থানীয় বাসিন্দারা নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় এক দোকানদার বলেন, এখন বর্ষা চলছে। রাস্তায় গাড়ি চলে না, চলাচল করাই দায়। রোগী নেওয়ার অবস্থা নেই, স্কুলের শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়ে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। ফলে ধীরে ধীরে কমে যাচ্ছে পর্যটকের আগমন। দ্রুত সড়কটির সংস্কার না হলে লেংগুড়ার পর্যটন সম্ভাবনা মারাত্মক হুমকির মুখে পড়বে, পাশাপাশি স্থানীয় জনজীবন হয়ে উঠবে আরও দুর্বিষহ।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, লেংগুড়া-সাত শহীদ মাজার সড়কটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সড়ক। এর উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।