পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২০:২৪ পিএম
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে একটি তালগাছ থেকে ৩০টিরও বেশি বাবুই পাখির বাসা ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে বুধবার (৩০ জুলাই) গভীর রাতে বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘গলাচিপা’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এলাকার পৃথক দুইটি স্থান থেকে ফেলে দেওয়া বাবুই পাখির ১২টি বাসা ও ১২টি ডিম উদ্ধার করেন।
অভিযুক্ত ব্যক্তি ছিদ্দিক মোল্লা ওই সময় তার বাড়ি থেকে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত ডিম ও বাসা উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী কার্যালয়ে আনা হয়। বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলাম ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নির্দেশে উদ্ধারকৃত বাসা ও ডিম অভিযুক্ত ব্যক্তির মাধ্যমেই সেই তালগাছে পুনঃস্থাপন করা হয়।
বাসা পুনঃস্থাপনের সময় কর্মকর্তারা উপস্থিত থেকে বলেন, এতে করে পাখিগুলো হয়তো বুঝতে পারবে, ওদের নিরাপত্তা ও সংরক্ষণে আমরা সবাই পাশে আছি।
অভিযুক্ত প্রান্তিক কৃষক ছিদ্দিক মোল্লা তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং মুচলেকা দিয়ে ক্ষমা প্রার্থনা করলে তাকে প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হয়।
এই উদ্যোগে গ্রামের বিপুলসংখ্যক নারী, পুরুষ, কিশোর ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে এ ধরনের পদক্ষেপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।