× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুলে উঠল দুনিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০৯:০৫ এএম

দুলে উঠল দুনিয়া

৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে রাশিয়া। তার ধাক্কায় রাশিয়ার পাশাপাশি দুলে উঠল দুনিয়ার বিপুল অঞ্চল বিস্তৃত জলরাশি। রাশিয়ার ভূমিকম্পের জেরে বিশ্বব্যাপী দেখা দেয় সুনামি আতঙ্ক। বিশ্বের ৫২ দেশ ও অঞ্চলে এক থেকে তিন মিটার পর্যন্ত সুনামি আতঙ্ক দেখা দেয়। এর মাঝে রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রে সুনামির ঢেউ আছড়ে পড়েছে।

বুধবার ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। 

রাশিয়ার এই ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামি জাপানের পর এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার পরপরই হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার (৩.৩ থেকে ৩.৯ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে শুরু করে। যদিও পরবতীতে জানানো হয় রাজ্যে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই।

শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির ঢেউ রাশিয়ার সেভেরো-কুরিলস্ক শহরের কিছু অংশ প্লাবিত করেছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। কুরিল দ্বীপপুঞ্জের এই ছোট বন্দর শহরটির জনসংখ্যা প্রায় ২ হাজার।

কামচাটস্কি শহরের বাসিন্দা ভ্যাসিলি বেশ কয়েকবার ভূমিকম্পের মুখোমুখি হয়েছেন। তবে এবারের এত ভয়ংকর ভূমিকম্পের মুখোমুখি হননি। তিনি বলেন, সবাই রাস্তায় নেমে এসেছে। কারও পায়ে স্যান্ডেল, কেউ গোসলের পোশাকে, কারও কোলে সন্তান। পায়ের নিচে মাটি কাঁপছিল। পানির পাইপ, টাওয়ার সব দুলছিল। এটা ছিল ভয়ংকর। আমরা কখনও এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত নই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শহরের উপকূলীয় এলাকায় ঢেউ উঠে ভেতরের দিকে পানি ঢুকে পড়ছে। এলাকাটি ভূমিকম্পের উৎপত্তিস্থলের তুলনামূলক কাছাকাছি হওয়ায় সেখানে প্রভাব বেশি পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সাখালিন অঞ্চলে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ আছড়ে পড়ার পর ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

রাশিয়ার কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক মাধ্যম টেলিগ্রাম মেসেজিং অ্যাপের পোস্ট করা একটি ভিডিওতে জানিয়েছে, আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার সান ফ্রান্সিসকো বে এলাকার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে প্রথম ঢেউ আছড়ে পড়ে। এর পাশাপাশি, রাজ্যের উপকূলবর্তী অ্যারিনা কোভ এলাকাও সুনামির প্রভাবে আক্রান্ত হয়েছে এবং ঢেউগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকের উপকূলেও ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সুনামির ঢেউ ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, আলাস্কার উপকূলেও আঘাত হেনেছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে ‘সর্বোচ্চ সুনামি সতর্কতা’ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় জরুরি সেবা আক্রান্ত স্থানগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। 

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকা রাশিয়ার কামচাটকা অঞ্চলে এর আগে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে, যার ফলে কিছু ভবন পানিতে ডুবে গেছে। দ্বীপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের উপকূলবর্তী বা নদীর পাশে বসবাসরত বাসিন্দাদেরও নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। তবে পূর্বে জারি করা সুনামির ‘সর্বোচ্চ সর্তকতা’ নামিয়ে ফেলে শুধু সতকর্তা জারি করা হয়েছে। 

প্রশান্ত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্বাঞ্চল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে ভূমিকম্পটির কেন্দ্র শনাক্ত করা হয়েছে। এই ভূমিকম্পকে অন্যতম শক্তিশালী বলা হচ্ছে, যার প্রভাবে রাশিয়া ছাড়াও লাতিন আমেরিকা, পূর্ব এশিয়ার উপকূলীয় দেশ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

সরানো হলো জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের : রাশিয়ার পূর্বাঞ্চলের উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি। তবে ফুকুশিমার বাসিন্দাদের জন্য এই সতর্কতা স্মরণ করিয়ে দিয়েছে অতীতের এক ভয়াবহ বিপর্যয়ের কথা।

সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল : রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে। তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের ৫২টি দেশ ও অঞ্চল এই সতর্কতার আওতায় এসেছে।

৩ মিটারের বেশি উচ্চতার সুনামির ঝুঁকিতে রয়েছে তিনটি দেশ ও অঞ্চল। এগুলো হচ্ছে রাশিয়া, ইকুয়েডর এবং উত্তর-পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এদিকে এক থেকে তিন মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে ১৪টি দেশ ও অঞ্চল। এদের মধ্য রয়েছে চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস আইল্যান্ড, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে আইল্যান্ড, পালমিরা আইল্যান্ড, পেরু, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ। খবর লাইভমিন্টের।

এদিকে শূন্য দশমিক ৩ থেকে এক মিটার উচ্চতার ঢেউয়ের সতর্কতায় রয়েছে ৩৫টি দেশ ও অঞ্চল। এসব হচ্ছেÑ অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ফিজি, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, তিউনিসিয়া, টোঙ্গা, তুভালু, ভানুয়াতু, কলম্বিয়া, মেক্সিকো, নিকারাগুয়া, এল সালভাদর, কুক আইল্যান্ডস, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পিটকায়ার্ন, চুক, পোহ্নপেই, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিয়ুয়ে, প্যালাউ, পানামা, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, তাইওয়ান, হাওল্যান্ড ও বেকার দ্বীপপুঞ্জ, জন্সটন অ্যাটল, জার্ভিস আইল্যান্ড, ওয়েক আইল্যান্ড, টোকেলাও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা