বড়লেখা (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ২২:০৫ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২২:১১ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় দিনেদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌর শহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্তরা তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন ও একটি আংটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ব্যবসায়ী আব্দুল আহাদ খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এ সময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়ামও সঙ্গে ছিল। তারা টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেল থামায়। পরে তারা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ও একটি আংটি নিয়ে পালিয়ে যায়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।