বরিশাল সংবাদদাতা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ০৮:১২ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ০৮:৩৮ এএম
আহত সঞ্জয় বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য্র কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
বরিশালের বানারীপাড়ায় পেঁপে চুরির অভিযোগে ১০ বছরের এক শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত শিশু সঞ্জয় বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার পশ্চিম আউয়ার গ্রামে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
সঞ্জয়ের বাবা প্রিয় লাল বিশ্বাস জানান, একই গ্রামের মিলন মুন্সির বাগানের কর্মচারী আব্দুর রব পেঁপে চুরির অভিযোগ এনে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার পেট থেকে পেঁপে বের করতে কিল-ঘুষি দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সঞ্জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
অভিযুক্ত আব্দুর রব কিল-ঘুষি মারার কথা অস্বীকার করে শুধু ভয়ভীতি দেখিয়ে গলা চেপে ধরে ছিলেন বলে জানান।
বানারীপাড়া থানার পরিদর্শক মো. মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার লিখিত কোন অভিযোগ দায়ের করেনি। শিশুকে মারধরের বিষয়ে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।