× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরেলগঞ্জ

ওয়াপদা বেড়িবাঁধের জমি দখলে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২১:৩৮ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২২:০৯ পিএম

ওয়াপদা বেড়িবাঁধের জমি দখলে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাগেরহাটের মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বেড়িবাঁধের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। রাতারাতি বেড়িবাঁধের পাশে বাঁশের খুঁটি ও নেট দিয়ে ঘিরে নেওয়া হয়েছে সরকারি জমির একটি অংশ। এ ঘটনায় ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে জানা গেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণীখালী মুন্সিরহাটসংলগ্ন এলাকায় পাউবো কর্তৃক ২০১০ সালে শ্রেণীখালী স্লুইসগেট হয়ে সোনাখালী-পঞ্চকরণ অভিমুখে প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি এখনও চলমান। কয়েক দিন আগে স্লুইসগেট-সংলগ্ন জমিতে একটি প্রভাবশালী মহল হঠাৎ করে দখল কার্যক্রম শুরু করে।

স্থানীয়রা জানান, ৪-৫ বছর ধরে তারা স্লুইসগেট এলাকার পাশের জমিতে ছোটখাটো দোকান গড়ে ক্ষুদ্র ব্যবসা করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প ওয়াপদা বেড়িবাঁধের কাজ শুরু হলে তাদের দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রকল্প শেষ হওয়ার আগেই নতুন করে জমি দখলের এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি তুলেছেন, যদি সরকারিভাবে জমি লিজ দেওয়া হয়, তবে পুরাতন দোকানদারদের অগ্রাধিকার দেওয়া হোক।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম খান, সোবাহান শেখ, তোফাজ্জেল শিকদার, সোহেল শেখ, মহারাজা হাওলাদার, সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলাম ও হায়দার ফরাজী বলেন, বেড়িবাঁধ ঘেঁষে আমরা দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাতাম। আমাদের ব্যবসা বন্ধ থাকায় এখন পরিবার নিয়ে কষ্টে আছি, দেনাগ্রস্ত হয়ে পড়েছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ওই জমি সরকারিভাবে লিজ প্রদান করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার দাবি জানান। পাশাপাশি সরকারি জমি যারা দখলে নিয়েছে তাদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, বেড়িবাঁধের জমিতে কোনো ধরনের লিজ দেওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কেউ যদি সরকারি জমি অবৈধভাবে দখলে নিয়ে থাকে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা