× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে হত্যা মামলার সাক্ষীকে হাতুড়িপেটা

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:৫১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২১:০১ পিএম

ঝালকাঠিতে হত্যা মামলার সাক্ষীকে হাতুড়িপেটা

ঝালকাঠিতে হত্যা মামলায় সাক্ষ্য দিয়ে ফেরার পথে এক সাক্ষীকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। রবিবার (২৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তি হলেন, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মন্নান মৃধা। তিনি উপজেলার কয়া গ্রামের মৃত হাতেম মৃধার ছেলে। 

এ ঘটনায় ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, মন্নান মৃধার আহত অবস্থায় জবানবন্দি নিয়ে ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামানকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা নেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন। 

আদালত সংশ্লিষ্ট জানা যায়, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে নলছিটির কয়া গ্রামের একটি ব্রিকফিল্ডের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রুবেল গাজী (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়। আহত হওয়ার ২১ দিন পর ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রুবেল গাজীর বাবা জসিম গাজী ১৮ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় গতকাল সাক্ষীর জন্য ধার্য ছিল। সাবেক ইউপি সদস্য মন্নান আদালতে সাক্ষী দিয়ে আসামিদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে আদালতের কাঠগড়া থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনে হাতুড়ি দিয়ে সাক্ষী মন্নানকে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে মন্নান গুরুতর আহত হন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলেন। আসামিরা মোটরসাইকেলটি ভাঙচুর করেন। 

পরে আদালতপাড়ার বিচারপ্রার্থীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মন্নানকে জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে নিয়ে যান। ঘটনার পর অভিযুক্ত আসামিরা পালিয়ে যান। পরে জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম ভুক্তভোগী মন্নান মৃধার কাছ থেকে এ ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। 

নলছিটি থানা পুলিশ রুবেল হত্যা মামালাটি তদন্ত করে চলতি বছরের ৩ মে ১২ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। আসামিরা হলেনÑ অহিদুল ইসলাম মৃধা, রফিক মৃধা, সোহেল মাঝি, সাইদুল ফকির, সালাম ফকির, এনায়েতুর রহমান, কালাম খান, নাসির খান, এরশাদ হাওলাদার, রবিউল হাওলাদার, বাবুল মৃধা ও সোহরাব মৃধা। মামলাটি চূড়ান্ত সাক্ষীর জন্য চলমান আছে। 

আহত আবদুল মন্নান মৃধা বলেন, আদালতপাড়ায় সাক্ষী দিতে এসেও মানুষের নিরাপত্তা নেই। রুবেল গাজী হত্যা মামলায় আসামিদের চিহ্নিত করে আজ (গতকাল) আমি আদালতে সাক্ষী দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করে আমাকে রক্তাক্ত জখম করে। এমনকি আসামিরা আমার মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় আমি বিচার চাই। 

মামলার বাদী জসিম গাজী বলেন, আমার ছেলেকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। এখন মামলার সাক্ষীকেও হত্যা করে নিশ্চিহ্ন করে দিয়ে হত্যা মামলা থেকে রেহাই পেতে চায়। 

ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। মন্নান মৃধা আদালতে সাক্ষী দিয়ে আসামিদের চিহ্নিত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা এই ঘটনা ঘটিয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান, আদালতের নির্দেশনা হাতে পেয়েছি। এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা