উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:৪৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:৫৯ পিএম
কুড়িগ্রামের উলিপুরে লাইট হাউসের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দুর্যোগকালীন করণীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগকালীন জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং বিষয়ক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আজকালের খবর পত্রিকার সিনিয়র রিপোর্টার ও লাইট হাউস প্রকল্পের ফোকাল পারসন মো. জাকির হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, দুর্যোগকালীন সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে মানবতার প্রতি গুরুত্ব দিয়ে কাজ কতে হবে। তিনি আরও বলেন, লাইট হাউস যেভাবে কাজ করছে, তাতে মানুষ দুর্যোগপূর্বক, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তী সময়ে যে করণীয় সে বিষয়ে সচেতন হতে পারবে। চরাঞ্চলে দুর্যোগকালীন মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে, যাতে তারা পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে।
প্রশিক্ষক জাকির হোসাইন বলেন, দুর্যোগকালীন স্বাস্থ্য, মানসিক ও সামাজিক সমস্যা প্রতিকার এবং দুর্যোগকালীন নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা যায়, সে বিষয়ে গুরুত্ব সহকারে ভোক্তভুগীদের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগের মৌলিক ধারণা, দুর্যোগপূর্ব, দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয়সহ দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় উলিপুর প্রেস ক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান কারিমী, লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, ফাইন্যান্স অ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত, উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুনসহ উলিপুর, চিলমারী ও রাজারহাট উপজেলার ৪৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।