নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:৩৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:৫৮ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (২৬ জুলাই) দুপুরে সুবর্ণচর উপজেলা চত্বরে এই কর্মসূচি পালন করেন চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ মারদোনা খালটি দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী দখল করে রেখেছেন। দখলকৃত স্থানে গড়ে উঠেছে দালান ও দোকানপাট। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও নানা ভোগান্তি।
বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় খাল দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খালটির অস্তিত্ব সংকটে পড়ছেÑ যা এলাকার কৃষি, পরিবেশ ও সাধারণ জীবনযাত্রার মান মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তারা অবিলম্বে মারদোনা খালসহ ইউনিয়নের অন্যান্য খাল দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, উপজেলা প্রশাসন জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে একাধিক খাল উদ্ধার করেছে। এটি চলমান প্রক্রিয়া। আমরা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় এই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।