মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:২৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:৫৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় দুই মাস ২২ দিন ধরে কারাগারে থাকা মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার হাসপাতালে মারা গেছেন।
রবিবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে কারাগারে বুকব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা হলে জেলখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালের একটি প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য জানানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫-৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আনা হলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, ভর্তি করার সময়টুকুও
পাওয়া যায়নি।
জেল সুপার জানান, চলতি বছরের ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তবে ভর্তির সময় তার বুক ব্যথার কোনো উপসর্গ ছিল না বা আগে কখনোই এই সমস্যা হয়নি তার।
সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও এলাকার প্রয়াত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের আত্মীয়। এ ছাড়া তার তিন কন্যা রয়েছেÑ দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, মৃত সারোয়ার হোসেন নান্নু গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় একটি হত্যা মামলার আসামি। তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় দুই মাস ২২ দিন ধরে কারাগারে বন্দি ছিলেন।