× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশন

নিখোঁজ জেলেদের পথপানে এখনও চেয়ে আছে স্বজনরা

হাসান লিটন, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ১৭:৫২ পিএম

নিখোঁজ জেলেদের পথপানে এখনও চেয়ে আছে স্বজনরা

প্রাকৃতিক বৈরিতা, ঝড়-বন্যা আর জলদস্যুদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় উপকূলীয় এলাকার জেলেদের। দুর্যোগ-দুর্বিপাকগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। ঢেউয়ের বিধ্বংসী রূপ নিয়ে রাক্ষসী হয়ে ওঠে মেঘনা ও তেঁতুলিয়া।

চরফ্যাশন ‍উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পাড়ের জেলেদের জীবনযাত্রা এমনই। নদী ও সাগরে মাছ ধরতে গিয়ে প্রতিবছর অনেক জেলে নিখোঁজ হয়। এদের কারোর লাশ ফিরে আসে পরিবারের কাছে, আবার অনেক পরিবার নিখোঁজ জেলেদের ফিরে আসার অপেক্ষায় থাকে। হয়তো একদিন ফিরে আসবে তার স্বজন। এমন অপেক্ষার প্রহর শেষ হয় না। গত দশ বছর ধরে এমন অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার নিখোঁজ জেলেদের স্বজনরা। বিশেষ করে, দুর্যোগ মৌসুমে নিখোঁজ জেলে পরিবারে স্বজনদের কান্নার শব্দ শোনা যায়। 

জানা গেছে, সাগর উপকূলীয় অঞ্চলে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত দুর্যোগ মৌসুম। আর এই দুর্যোগ মৌসুম মানেই উপকূলবাসীর জন্য বন্যা কিংবা জলোচ্ছ্বাসের আতঙ্ক। সেই সঙ্গে জেলে পরিবারগুলোয় থাকে স্বজন হারানোর ভয়। 

হাজারীগঞ্জ এলাকার জেলে কালাম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে দুই ধরনের বিপদের মুখে পড়তে হয় তাদের। বিশেষ করে, জলদস্যুর কবলে পড়ে নিঃস্ব ও ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। অন্য জেলেরাও একই আতঙ্কের কথা জানিয়েছে। দুর্যোগ মৌসুমে সাগরে ট্রলার ডুবে অনেক জেলে নিখোঁজ হয়েছে। ভারী হয়েছে নিখোঁজ জেলেদের পাল্লা।

উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে আছে। নিবন্ধিত জেলের সংখ্যা ৪৪ হাজার ২৮১ জন। অনিবন্ধিত জেলে প্রায় ৪৬ হাজার। এসব জেলে নদী ও সাগরে মাছ শিকার করে। এ অঞ্চলে প্রায় ১২ হাজার ট্রলার ও নৌকা আছে। এ ছাড়াও গভীর সমুদ্রগামী ৭ হাজার ট্রলার আছে। এসব জেলের মধ্যে ২০১৫-তে ১১ জন, ২০১৬-তে ১৯ জন, ২০১৭-তে ৫ জন, ২০১৯-তে ৪৮ জন, ২০২০ -তে ৯ জন, ২০২১-তে ৯ জন, ২০২২-২৩ অর্থবছরে ১২ জন, ২০২৩-২৪ অর্থবছরে ৩৫ জন, ২০২৪-২৫ অর্থবছরে ১১ জন জেলে নদী ও সাগরে নৌকা ডুবে প্রাণ হারিয়েছে। 

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে নৌকাডুবিতে প্রাণ হারানো সব জেলে পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে। তবে ২০১৯ সালের শুরু থেকে ২৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ও ট্রলারডুবিতে নিখোঁজ ৬৬ জেলের মধ্যে ২২ জেলে পরিবারকে এবং ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৫৮ জেলে পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। 

উপজেলা মৎস্য কার্যালয় আরও জানিয়েছে, বিগত বছরের তুলনায় উপজেলায় ২০১৯ সালের শুরু থেকে গত মঙ্গলবার পর্যন্ত ১২৪ জন জেলে ঝড়ের কবলে পড়ে নৌকা ও ট্রলারডুবিতে নিখোঁজ হয়েছে। এদের অনেকের লাশ পাওয়া গেলেও অন্যদের খোঁজ মেলেনি। নিখোঁজ জেলেরা চর মাদ্রাজ, আসলামপুর, মাদ্রাজ, জিন্নাগড়, আমিনাবাদ, আবুবকরপুর, আহম্মদপুর, ওসমানগঞ্জ, এওয়াজপুর, হাজারিগঞ্জ, জাহানপুর, রসূলপুর, চরমনিকা, চরকুকরি মুকরি, চর পাতিলা, নজরুল নগর, মুজিব নগর, ঢালচর, নুরাবাদ, নীলকমল, আব্দুল্লাহপুর, চরকলমী এলাকার। 

নুরাবাদ এলাকার জাকির হোসেনের ছেলে জামাল (৩৭)। ২০১৯ সালের ১২ জুলাই, সাগরে ট্রলার ডুবে নিখোঁজ হন। তার বাবা বলেন, ছেলেটা দিন-রাত সাগরে পড়ে থাকত। কূলে ফেরার দুই দিন আগেই ঝড়ে তাদের ট্রলার ডুবে যায়। সেদিন ট্রলারে থাকা অন্য জেলেরা বেঁচে এলেও আমার ছেলেসহ দুই জেলের খোঁজ পাওয়া যায়নি। 

জেলে জামালের মতো একই এলাকার আবদুল জলিল (৪৫), শাহাজাহান (৪২), সুলতান মাঝি (৪৬), আফসার জমাদার (২৯), শাহাজাহান মাঝি (৪১), আব্দুল হাই (৩২), কবির (২৬), নূরনবী (২৮), নজরুল ইসলাম (৩৩) নিখোঁজ রয়েছেন। 

সামরাজ মৎস্যঘাট জেলে সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, উপকূলীয় এলাকার ৯০ শতাংশ বাসিন্দা জেলে পেশায় নিয়োজিত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিখোঁজ জেলেদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও একই হারে এ টাকা দেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা