নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২৩:১২ পিএম
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌপুলিশের কর্মকর্তা।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া বাল্কহেডগুলো উদ্ধারে কাজ চলছে।
তিনি জানান, গত শুক্রবার বিকাল ৪টার দিকে ঝড়ের সময় মেহেন্দিগঞ্জের মল্লিকপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। তবে বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। তবে নৌযানটি উদ্ধারে চেষ্টা চলছে।
অন্যদিকে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর এ পর্যন্ত হিজলা নৌপুলিশের কাছে রয়েছে। ইনচার্জ জানান, নদীতে তাদের টহল দল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ চলমান রেখেছে। তবে হতাহতের কোনো খবর নেই।