হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২৩:০৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২৩:১৪ পিএম
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌর শহরের ৬টি ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় ও নানা অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও সিলগালা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকালে এ অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত। এ সময় সর্বাত্মক সহযোগিতা করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত এবং হালুয়াঘাট থানা পুলিশের সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরে বৈধ কাগজপত্র ব্যতিরেকে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছিল আকন্দ প্যাথলজিকাল সেন্টার, নিউ পপুলার ক্লিনিক, সেবা, ইনসাফ, নিরাপদ এবং সীমান্ত প্যাথলজিক্যাল ডায়াগনস্টিক সেন্টার। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অনিয়মের কারণে আকন্দ প্যাথলজিকাল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকেও ১০ হাজার টাকা জরিমানাসহ এক্স-রে কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে। এ ছাড়া সেবা, ইনসাফ, নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে সীমান্ত প্যাথলজিক্যাল সেন্টারকে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তসলিম বিশ্বাস বলেন, প্রয়োজনীয় কাগজসহ আবেদন করা রয়েছে। পরিবেশের ছাড়পত্র না পাওয়ায় আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে পারছি না। আশা করি, দ্রুত পেয়ে যাব।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, ‘আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিছু সমস্যা পেয়েছি। সেগুলো ৭ দিনের মধ্যে সমাধান করতে বলা হয়েছে। সেই বৈধ কাগজপত্র ব্যতিরেকে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় দুটি প্রতিষ্ঠানকে সিলগালা ও বাকিগুলোকে জরিমানার আওতায় আনা হয়।