দাউদকান্দি
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:০২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:১৯ পিএম
নিহত আল মামুন।
কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে আত্মগোপনে থাকা এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে তাকে হত্যা করা হয়।
নিহত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল মামুন হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন-চার জন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।