দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১৫:১২ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হওয়ার খবরকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছে সংগঠনটি। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফি এ তথ্য জানায়।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নির্মল চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুলাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ গুজব। সংগঠনের কোনো সদস্য নিহত হয়নি এবং সংগঠনের কোনো সশস্ত্র দল 'গণমুক্তি ফোর্স' বা 'পিপলস লিবারেশন আর্মি' নামে কার্যক্রম পরিচালনা করছে না।
নির্মল চাকমা আরও বলেন, "ইউপিডিএফ কারো সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হয়নি এবং আমাদের কোনো সদস্য নিহত হয়নি। জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।"
প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, এসব গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্যের জন্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করার জন্য।
উল্লেখ্য, শনিবার সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএসের সাথে গোলাগুলিতে ইউপিডিএফের চারজন সদস্য নিহত হয়েছেন। তবে ইউপিডিএফ এ সংবাদ সম্পূর্ণ অস্বীকার করেছে।