প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১০:৪২ এএম
গতকাল শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বা বর্ষাও বাংলাদেশের ওপর সক্রিয়। এই দুই পরিস্থিতি মিলে আগামী কিছুদিন দেশে বৃষ্টি বেশি থাকতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবার দেশের কোনো কোনো অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে চলতি মাসের বাকি দিনগুলোতেও।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৪৮টিতেই গতকাল বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ৭৩ মিলিমিটার। এদিকে আবহাওয়া বিদরা জানান, ‘বৃষ্টি আরো বাড়তে পারে সামনে। বিশেষ করে ২৮ ও ২৯ জুলাই বৃষ্টি অনেক বেশি হতে পারে। ২৯ জুলাইয়ের পর আবার তা কিছুটা কমতে পারে।’
অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
এদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।