লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২১:৩৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫ ২১:৪৬ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের দুইজন সহোদর ভাই এবং অন্যজন তাদের মামা।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া ইউনিয়নের চিববাড়ী সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ছিদ্দিক আহমদের দুই ছেলে হুমায়ুন (৩৮) ও মামুন (২৮) এবং তাদের মামা একই ইউনিয়নের করিয়ানগর এলাকার আবদুর রশিদ মনির (৪০)।
জানা যায়, চিববাড়ী সড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিন আরোহীর মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান, তারা তিনজন মোটরসাইকেলে করে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে এক বোনের শ্বশুরবাড়ি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সাতকানিয়ায় নিজ বাড়িতে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।