রসিককে লাল কার্ড
রংপুর অফিস
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫ ২০:১৭ পিএম
দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় রংপুর সিটি করপোরেশনকে (রসিক) লাল কার্ড দেখানো ও সড়কে প্রতীকী ধানগাছ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় ভাঙাচোরা-জলাবদ্ধ সড়কে ধানের চারা রোপণ করেনÑ সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, আসিফ মাহমুদ, প্রান্ত, ছিয়াম হোসেন সাকিব, হাসান আলী, হোসেন আলী, সুমন হোসেন বিজয়, আরাফাত হোসেন, সাগর হাসান, হীরা হক, সেলিম হোসেন, হীরা, মোস্তাফিজার রহমানসহ অন্যরা। এরপর সিটি করপোরেশনকে লাল কার্ড দেখানো হয়।
ভুক্তভোগীরা বলেন, লালমনিরহাট, কুড়িগ্রামের সঙ্গে রংপুরের যোগাযোগের অন্যতম রুট সাতমাথা-জাহাজ কোম্পানি। এ সড়কের ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। প্রতিদিনই মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন এ সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে। চলতি বর্ষায় জলাবদ্ধতায় এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়েছে। এতে লালমনিরহাট, কুড়িগ্রামসহ নগরীর বিভিন্ন এলাকার রোগী ও গর্ভবতী নারীদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে যেতে ভয়ানক কষ্ট সহ্য করতে হচ্ছে।
তারা আরও বলেন, সড়ক সংস্কারের জন্য সিটি করপোরেশনকে একাধিকবার বলা হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি। তাই এর আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষের গায়েবানা জানাজা পড়া হয়েছে। আজ (গতকাল) সড়কে প্রতীকী ধানের চারা রোপণসহ সিটি করপোরেশনকে লালকার্ড দেখানো হয়েছে। দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।