ফেনী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ২০:০৮ পিএম
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
এ ছাড়া বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের ছোড়া বুলেটে বাংলাদেশি দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিতÑ
ফেনী : ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) ও মো. লিটন (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. আফছার (৩১) নামে আরও একজন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বাশপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে মিল্লাতের লাশ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে লিটনকে গুলিবৃদ্ধ অবস্থায় ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে মারা যান। নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাশপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও মো. লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩ এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাঁটার কাছে যান মিল্লাত, লিটন, আফছার ও তাদের সহযোগীরা। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়েছে। অন্যদিকে লিটনকে গুলিবৃদ্ধ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বাশপদুয়া সীমান্ত চোরা কারবারিপ্রবণ এলাকা। বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হবে। এদিকে লিটনের লাশ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের ছোড়া বুলেটে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে মো. সেলিম (২৫) এবং ওই ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার সুলতান আলীর ছেলে মো. সুমন (২৮)।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ভোরে ২-৩ জন অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৬৪/৫-১ পার হলে ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে তারা আহত হন। এ সময় তাদের সঙ্গীরা উদ্ধার করে নিয়ে আসেন। গোপনে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিম আহত হওয়ার কথা স্বীকার করেছে।
পন্ডিতপাড়ার বাসিন্দা আব্দুলাহ আল মামুন বলেন, কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। দুজন আহত হওয়ার কথা শুনেছি, কিন্তু তারা এখন কোথায় কেউই বলতে পারছে না। তবে আমাদের ধারণা তারা আত্মগোপনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে হতাহতের ঘটনায় শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা (বিএসএফ) সীমান্ত এলাকায় চোরা কারবারিদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানায়। তিনি আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি।