× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুর

বিমান বিধ্বস্তে নিহত রাইসা মনি চিরনিদ্রায় শায়িত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৯:৪৭ পিএম

বিমান বিধ্বস্তে নিহত রাইসা মনি চিরনিদ্রায় শায়িত

ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৬টার দিকে তার মরদেহ গ্রামে পৌঁছলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর গত বৃহস্পতিবার রাতে রাইসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে রাতেই মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে পৌঁছান পরিবার। সকাল ৯টার দিকে গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় জানাজায় অংশ নেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, সেনাবাহিনীর একটি টিম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার শত শত মানুষ।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসা সূত্রে রাজধানীতে পরিবার নিয়ে থাকেন শাহাবুল ইসলাম দম্পতি। সন্তানদের উচ্চমানের শিক্ষায় শিক্ষিত করতে দুই মেয়েকে ভর্তি করেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। নিহত রাইসা মনি তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। একই স্কুলের তার বড় বোন সিনথিয়া অষ্টম শ্রেণিতে পড়ে। তাদের ছোট ভাই রাফসান শেখের বয়স চার বছর। বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের স্বপ্নও পুড়ে গেছে সন্তানের দেহের মতো। তিন সন্তানের মধ্যে এক সন্তানের মৃত্যুতে শোকে কাতর শাহাবুল-মিম দম্পতি।

রাইসার বাবা শাহাবুল শেখ বলেন, বিমান বিধ্বস্তের পরদিন গত ২২ জুলাই মরদেহের মধ্যে আমার মেয়েকে শনাক্ত করি। পরে ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। ডিএনএ পরীক্ষার পর আমার মেয়ের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়। রাতেই মেয়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফিরে আসি।

গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওবায়দুর রহমান বলেন, রাইসা মনির অকালমৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে বিহ্বল। মরদেহ গ্রামে পৌঁছানোর পর যে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এমন কোনো মানুষ নেই যে তাকে দেখে কাঁদেনি।

আলফাডাঙ্গা ইউএনও রাসেল ইকবাল বলেন, রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে। আমি তার পরিবারের সঙ্গে কথা বলেছি। এমন মুহূর্তে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে যায়, আমিও বাকরুদ্ধ।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনাটি গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা