× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুরিরচালা প্রাথমিক বিদ্যালয়

ছাদে ফাটল, শ্রেণিকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে পাঠদান

সাজ্জাত লতিফ, সখীপুর (টাঙ্গাইল)

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৮:০৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৮:০৬ পিএম

ছাদে ফাটল, শ্রেণিকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে পাঠদান

টিনের ঘর আর গাছতলাÑ এটাই এখন শিক্ষার একমাত্র অবলম্বন সখীপুরের সুরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের। ১৯৯৩ সালে নির্মিত স্কুল ভবনের ছাদ খসে পড়ার ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে পঞ্চম শ্রেণির ইলমা ইসলাম।

ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেও তার ডান হাতে গুরুতর আঘাত লেগেছে। এমন ঘটনায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষকসহ সকলের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। বর্তমানে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ায় পাঠদান চলছে খোলা আকাশের নিচে ও টিনের ছোট্ট কক্ষে। সামান্য বৃষ্টিতেই থেমে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। ভবন সংকটে শিক্ষার মান ও শিক্ষার্থীদের আগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সাথে অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের পাশাপাশি রয়েছে শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কা।

গত ২০ জুলাই ক্লাস চলাকালে ভবনের ছাদ ধসে ছাত্রী ইলমা ইসলাম গুরুতর আহত হয়। তার ডান হাতে পড়ে সিমেন্টের চাঙড়। বর্তমানে সে চিকিৎসাধীন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে ভেঙে পড়েছে ইলমা। তার বাবা ইউসুফ আলী বলেন, ‘বিদ্যালয়ের ভবন তো নয়, যেন মৃত্যুফাঁদ। ভাগ্যিস মেয়েটার মাথায় পড়েনি!’

বুধবার সরেজমিন দেখা যায়, বিদ্যালয়টিতে একটি পুরনো পাকা ভবন ও মাত্র ১৪ হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘর রয়েছে। ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও একমাত্র পাকা ভবনটি নির্মাণ হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। এতে রয়েছে মাত্র তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ। কয়েক বছর আগে আংশিক সংস্কার হলেও ছাদে বড় ফাটল দেখা দেয়। বর্তমানে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যবহার বন্ধ রাখা হয়েছে। ফলে টিনের ছোট ঘর ও গাছতলাই হয়ে উঠেছে ক্লাসরুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম বলেন, ১২৩ জন শিক্ষার্থীর জন্য মাত্র দুটি শ্রেণিকক্ষ, রয়েছে ৬ জন শিক্ষক। বাধ্য হয়েই গাছতলা বা টিনের ঘরে ক্লাস নিতে হচ্ছে। বর্ষাকালে সমস্যাটা আরও বেড়ে যায়। বৃষ্টি নামলে আর ক্লাস নেওয়া সম্ভব হয় না। আমরা নতুন ভবনের জন্য উপজেলা শিক্ষা অফিসে চাহিদাপত্র দিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, একটি বিদ্যালয়ের প্রাণ হলো পর্যাপ্ত শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষ না থাকলে শিক্ষার মান নিশ্চিত করা যায় না। সুরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ অত্যন্ত করুণ।

আহত শিক্ষার্থী ইলমা জানায় ছাদে, পিলারে ফাটল। ছাদ থেকে সিমেন্টের খণ্ড মাথায় না পড়ে হাতে পড়েছিল, অনেক ব্যথা পেয়েছি। এখন ক্লাস হয় না ওই ঘরে। একই শ্রেণির সুমাইয়া জানায়, বৃষ্টি হলে ক্লাস বন্ধ হয়ে যায়, কাপড়চোপড় ভিজে যায়। 

অভিভাবক সদস্য ফরহাদ হোসেন বলেন, বৃষ্টির দিনে গাছতলায় ক্লাস কেবল দুর্ভোগ নয়, এটি শিশুদের শিক্ষার প্রতি অনাগ্রহ তৈরি করেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, বিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। ঝুঁকিপূর্ণ ভবনটি বন্ধ করে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এজিইডি নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ চলছে। তালিকাভুক্ত ৬২টি বিদ্যালয়ের মধ্যে সুরিরচালাও রয়েছে। প্রকল্প পাস হলে নতুন ভবন বরাদ্দ পাওয়া যাবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ক্লাস নেওয়ার জন্য দেওয়া হয়েছে। ভবনের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা