মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৮:০২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফাতেমা আক্তারের বিরুদ্ধে ডিউটির সময় হাসপাতালের বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। সময়মতো ডাক্তার না পেয়ে রোগীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, গত বুধবার দুপুর ১টার দিকে একাধিক রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দায়িত্বরত চিকিৎসককে পাওয়া যায়নি। এ সময় কমিউনিটি মেডিকেল অফিসার নন্দ ঘোষ ফোন দিলে ডা. ফাতেমা জানান, তিনি দোতলায় আছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পাশের গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে বসে প্রাইভেট রোগী দেখছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ডা. ফাতেম বলেন, জরুরি বিভাগে আমার ডিউটি চলছে। আমাকে ফোন দিলে আমি গিয়ে রোগী দেখি। এইটা আমি করতেই পারি। এদিকে হাসপাতালের অন্যান্য ডাক্তারও এভাবে ডিউটি চলাকালীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালে আসা একাধিক রোগী অভিযোগ করে বলেন, আমাদেরকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় ডাক্তারদের জন্য। রোগী এসে বসে থাকলেও ডাক্তারদের দেখা পাওয়া যায় না। তারা আরও বলেন, ডাক্তারদের সঙ্গে দেখা হলে বেশ কয়েকটি পরীক্ষা দিয়ে নির্দিষ্ট প্যাথলজিতে যাওয়ার পরামর্শ দেন।
গত ২২ জুলাই হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, ডাক্তারদের আসনে বসে এক নারী রোগী ঘুমাচ্ছেন। ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান বলেন, ডিউটির সময় তিনি (ডা. ফাতেমা আক্তার) বাইরে রোগী দেখতে পারেন না। বিষয়টি আমি খতিয়ে দেখছি।