খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ২২:২৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫ ২২:৩১ পিএম
ঝিরি-ছড়ার ওপর নির্ভরশীল জীবন পেছনে ফেলে এবার ঘরের পাশে মিলবে বিশুদ্ধ পানিÑ এমন স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে খাগড়াছড়ির তিনটি পাহাড়ি জনপদে। বৃহস্পতিবার (২৪ জুলাই) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মিলন কারবারি পাড়া, বেলতলী পাড়া ও বৈরফা ব্রিজ পাড়ায় সুপেয় পানি সরবরাহ প্রকল্প।
এই প্রকল্পের আওতায় মোট ১৮৩টি পরিবার এখন থেকে ঘরের পাশেই নিরবচ্ছিন্নভাবে বিশুদ্ধ পানি পাবে। মিলন কারবারি পাড়ার ৮৪টি পরিবার, বেলতলী পাড়ার ৪৭টি পরিবার ও বৈরফা ব্রিজ পাড়ার ৫২টি পরিবার।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জেলা পরিষদের অধীনস্থ ফরেস্টারি প্রকল্প, করলিয়া প্রকল্পের আওতায়। এর সহযোগিতায় রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) এবং বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের (MoCHTA) যৌথ উদ্যোগে পরিচালিত Ecosystems Restoration and Resilient Develop-ment in Chittagong Hill Tracts (ERRD-CHT) প্রকল্প।
করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা জানান, করলিয়া প্রকল্পের আওতায় বর্তমানে ৬০টি সাইটে এ ধরনের পানির সরবরাহ ব্যবস্থা চলমান রয়েছে। এই তিনটি গ্রামের পানির সংকট নিরসনে আমরা বাস্তবায়ন শুরু করলাম। প্রকল্পের মাধ্যমে পরিবারের সদস্যরা বৈদ্যুতিক সোলার পাম্পের সাহায্যে সহজেই পানি সংগ্রহ করতে পারবে।
জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, আমরা চাই, প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নত হোক। সুপেয় পানি এখন আর স্বপ্ন নয়, বাস্তব। নারীরা দূরে না গিয়ে এখন ঘরের কাছেই পানি পাবে। এটি তাদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দা চন্ডি ত্রিপুরা বলেন, আগে পানি আনতে অনেক দূর যেতাম। এখন ঘরের পাশেই পাই, খুবই উপকারে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের টেকনিক্যাল কর্মকর্তা পরিচিতা খীসা, ইউএনডিপি প্রতিনিধি রনিল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই প্রকল্প শুধু পানি সরবরাহ নয়, এটি পাহাড়ি জীবনের টিকে থাকার গল্প, উন্নয়নের গল্প, নারীর স্বস্তির গল্প। পাহাড়ের প্রতিটি পাড়ায় ছড়িয়ে পড়ুক এই বিশুদ্ধ জীবনের প্রতিশ্রুতি। বিশুদ্ধ পানি, সুস্থ জীবনÑ এবার পাহাড়েও পৌঁছেছে উন্নয়নের ছোঁয়া।