রাজশাহী অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২১:১৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২১:৩২ পিএম
রাজশাহী সিটি করপোরেশনের সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ঠিকাদাররা। বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সপুরা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে সমাবেশ করে তারা এ ঘোষণা দেন।
এ সময় ঠিকাদাররা দাবি করেন, ঠিকাদারদের বিলের প্রায় ২৫০টি ফাইল আড়াই মাস ধরে আটকে রেখেছে রাজশাহী সিটি করপোরেশন।
এতে ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না পেয়ে তারা শ্রমিকের মজুরি দিতে পারছেন না। এ অবস্থায় কাজ বন্ধ করে দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তবে রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন জানান, এমন কোনো বিষয় ঠিকাদাররা তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।