রংপুর অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৩ পিএম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ নানা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) সকালে ঐতিহ্যবাহী শহীদ মিনার সড়কে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমী আক্তার মৌয়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী বেলায়েত হোসেন, তপু বর্মণ, লিমন হোসেন, ছাত্রফ্রন্ট মহানগরের সভাপতি যুগেশ ত্রিপুরাসহ অন্যরা।
এ সময় বক্তারা মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোকাহত ও আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আহত শিক্ষার্থীদের দ্রুত উন্নত চিকিৎসা দিতেও জোরালোভাবে বক্তব্য রাখেন। সেই সঙ্গে সরকারকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, বিমানবাহিনীর আধুনিকায়ন, পুরনো ত্রুটিপূর্ণ বিমান পরিহার করা ও ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে বিমান প্রশিক্ষণের উদ্যোগ নিতেও বলা হয়।