ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:২৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৯ পিএম
প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী অফিস অভিমুখে পদযাত্রার করেছে ফেনীর সর্বস্তরের জনগণ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়।
মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে সকাল ১১টায় এ পদযাত্রা শেষ হয়। পরে ৮ দফা দাবি সংবলিত একটি লিফলেট পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে তুলে দেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে দাবিগুলো হলোÑ টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তদসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন এবং খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদকরণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণসহ ২০২৪-এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্প।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জোরালো জনমত গড়ে তোলা।
পাউবো অভিমুখে পদযাত্রা কর্মসূচির সংগঠক ওসমাণ গণি রাসেল বলেন, টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষ সর্বাত্মক অংশগ্রহণ করেছে।