ফেনীতে বৃক্ষমেলা
ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:১৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৯ পিএম
প্রকৃতিকে হত্যা করা যাবে না। গাছপালা ও প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বুধবার (২৩ জুলাই) সকালে ফেনীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরিকল্পিত নগরায়ণ ও নতুন নতুন বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের অন্তত একটা করে গাছ লাগানো উচিত। প্রকৃতিকে টিকিয়ে রাখতে পারলে আমরা এ পৃথিবীতে মন ভরে অক্সিজেন গ্রহণ করতে পারব। বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে তীব্র গরম, বন্যা, জলোচ্ছ্বাস, সবকিছুতেই বৃক্ষের সম্পৃক্ততা রয়েছে। নির্বিচারে গাছপালা ধ্বংস বন্ধ করতে হবে। অপরিকল্পিত নগরায়ণ, পুকুর-খাল-বিল দখল ও ভরাটও পরিবেশের জন্য হুমকি। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি উদ্যেগে নতুন করে বনায়নে এগিয়ে আসতে হবে।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, নার্সারি মালিক সমিতির সভাপতি আবু বকর ও করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল।
ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার সঞ্চালনায় ও সদর রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা রেঞ্জ কর্মকর্তা তাজউদ্দিনসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন ফলদ, বনজ, ঔষধি, ফুল ও মাশরুমসহ পরিবেশবান্ধব পণ্যের ১০টি স্টল অংশ নেয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।