চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১৬:৫৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ১৮:১১ পিএম
প্রবা ফটো
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কড়া সমালোচনা করে তার পদত্যাগ চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ‘ভাই-ব্রাদার কোটায়’ উপদেষ্টা হয়েছেন বলেও মন্তব্য করেন হাসনাত।
বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এ কথা বলেন।
এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বাস্থ্যব্যবস্থা আগের মতো, আইনশৃঙ্খলাব্যবস্থাও আগের মতো।’
‘একজন স্বাস্থ্যমন্ত্রী (উপদেষ্টা) আছে, চেনেন ওনাকে? উনি ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই,’ যোগ করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে ‘কিছু বোঝেন না’ মন্তব্য করেন এনসিপি নেতা বলেন, ‘উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ড. মুহম্মদ ইউনূসের কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়।’
তিনি আরও বলেন, ‘জনগণ উনাকে যে বেতন দিছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।’
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমানে বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে নতুন দল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা গতকাল দেখেছেন, লাশের ওপর দিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো শোকাহত। যারা বাংলাদেশকে ধারণ করি, সবাই শোকাহত। কিন্তু যদি আওয়ামী লীগ আবার উত্থানের চেষ্টা করে আমরা শোককে শক্তিতে পরিণত করে এই আওয়ামী লীগকে নাই করে দেব।’