কুমিল্লা প্রতিবেদক ও চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১৭:৪৪ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫ ২১:০২ পিএম
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
সেখানে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন তারা। বিক্ষভে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ — এমন নানা স্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া দাবিগুলো হলো- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি; শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে; মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ; যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ; নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া; বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সালেহ উদ্দিন বলেন, সাম্প্রতিক মাইলস্টোন শিক্ষা সফরে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিস জারি করেছে; যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরাও উর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।’

অপরদিকে দুপুর দেড়টা থেকে প্রায় দুই ঘণ্টা চট্টগ্রাম নগরীর ষোলশহরে শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা শিক্ষা বোর্ডের সামনের সড়কে অবস্থান নেন। দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করার পর শিক্ষাথীরা চলে যান।
শিক্ষার্থীরা বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ফলে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে দেশের সকল শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক অবস্থার কথা চিন্তা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। প্রথমে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানান। পরে রাত তিনটায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি জারি করা হয়। আমরা জানতে পেরেছি, শিক্ষা সচিবের বিরোধিতার কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে দেরি হয়েছে। আমরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছি।’
এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয়ের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বোর্ডের সামনে এসে বিক্ষোভ করেন। আমরা কথা বলে তাদের জানিয়েছি আমরা উনাদের অধীনে কাজ করি, এ বিষয়ে আমরা কিভাবে পদক্ষেপ নিব। তখন শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই তারা কিছুক্ষণ সড়কে অবস্থান নিয়ে এরপর চলে যান।’