রংপুর অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:০৬ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৪৭ পিএম
শিক্ষার্থীদের মধ্যে সততা ও আত্মনিয়ন্ত্রণের মূল্যবোধ গড়ে তুলতে রংপুরের সালেমা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে এ স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোতাহার হোসেন।
সততা স্টোরে শিক্ষার্থীরা কলম, খাতা, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারবে। এতে থাকবে না কোনো বিক্রেতা বা নজরদারি ব্যবস্থা। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নির্ধারিত মূল্যের টাকা নির্ধারিত বাক্সে রেখে যাবে।
মহাপরিচালক মোতাহার হোসনে বলেন, সততা স্টোর একটি দোকান নয়, এটি নৈতিকতার প্লাটফর্ম। সততা স্টোর পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা এবং স্বনিয়ন্ত্রণ চর্চার একটি অন্যতম উদাহরণ। এই স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততার চর্চা শিখবে, ভবিষ্যতে দুর্নীতিমুক্ত থাকবে এবং সমাজে দুর্নীতিবিরোধী ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল না হলে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিসসহ সর্বত্র সততার চর্চা অপরিহার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।