রংপুর অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২১:৪৮ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২১:৫৮ পিএম
রংপুর সিটি করপোরেশন (রসিক) কর্তৃপক্ষকে মৃত উল্লেখ করে তাদের প্রতীকী গায়েবানা জানাজা হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় নগরীর সাতমাথা রেলক্রসিং এলাকায় ভাঙাচুরা ও জলাবদ্ধ সড়কের ওপর প্রতীকী লাশ খাটিয়ায় রেখে এই কর্মসূচি পালন করা হয়।
মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলামের ইমামতিতে জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দারা। পরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
ভুক্তভোগীরা জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রুট সাতমাথা-জাহাজ কোম্পানির প্রায় ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও সাইকেল চালকরা। বর্ষায় গর্ত আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা আরও বলেন, এই রাস্তায় চলাচল করতে গিয়ে রোগী, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়েছে। সড়ক সংস্কারের জন্য বহুবার সিটি করপোরেশনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা বলেন, মৃত কেউ যেমন কাজ করতে পারে না, তেমনি রসিক কর্তৃপক্ষও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা ধরে নিয়েছি তারা মারা গেছেন। সেই কারণে তাদের গায়েবানা জানাজা পড়া হলো। তারপর যদি সড়ক সংস্কারে উদ্যোগ না নেওয়া হলে এ ধরনের প্রতীকী কর্মসূচি অব্যাহত থাকবে।