কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২১:১৫ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২১:১৮ পিএম
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা এখন একটি নির্দিষ্ট কৌশলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ধর্ম বিক্রি করে রাজনীতি করা উচিত নয়। ধর্ম মানুষের আত্মিক বিশ্বাস ও নৈতিকতা শিক্ষা দেয়, একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অপরাধ।’
রবিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের নাজিরপুর মাঠে জুলাই শহীদদের স্মরণে ঢাকা জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মানুষ এখন অনেক সচেতন, তারা আর সহজে ধোঁকায় পড়ে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ যাতে নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেÑ সেটাই হওয়া উচিত আমাদের রাজনৈতিক দায়িত্ব।’
স্বাধীনতাবিরোধী শক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যারা ’৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের ক্ষমা করা হলেও তাদের অপরাধ ভুলে যাওয়া হয়নি। তারা যদি আবার সেই অপকর্ম শুরু করে, তবে তার পরিণতি ভালো হবে না।’
বিএনপির এই নেত আরও বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের বুকে ধারণ করতে হবে জুলাই বিপ্লবের চেতনা। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে।’
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘জনগণ যদি একাত্তরের পরাজিত শক্তিকে ভোট দেয়, সম্মান দেব। কিন্তু তাদের অপরাধ আমরা ভুলিনি। আপনারা স্বাধীনতাযুদ্ধে যে ভুল করেছেন, আজও তা স্বীকার করেননি। আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জদ্দেক আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন বিএনপির সদস্য ইসমাইল মোল্লা, ছাত্রদল নেতা খলিল মিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা রানা আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।